ডিসেম্বর ১১, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত শিশুর ভাসমান লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি পুকুর থেকে এক অজ্ঞাত শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।সোমবার সকালে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা ইউনিয়নের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুকুরে শিশুটির মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালে জেলেরা মাছ ধরতে পুকুরে নামলে শিশুটির লাশ দেখতে পায়। শিশুটির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়দের ধারণা, শিশুটি অন্য কোথাও নিহত হয়ে থাকতে পারে এবং পরে লাশটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। এলাকাজুড়ে ঘটনার পরে চরম উদ্বেগ ও রহস্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “শিশুটির পরিচয় শনাক্তে কাজ চলছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, তাও যাচাই করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print