বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মিনি ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কল্যাণনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের মৃত কাশেমের ছেলে মো. আব্দুর রাজ্জাক বুলু (৬৫) এবং ১নং বুড়ইল ইউনিয়নের সিংড়া খালাশ গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ঠান্ডা মিয়া (৫০)।
জানা যায়, কাহালু উপজেলার জামগ্রামের হাট থেকে গরু কেনাবেচা শেষে একই ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন ভটভটি চালক খুকনসহ আটজন গরু ব্যবসায়ী। পথে নন্দীগ্রাম উপজেলার কল্যাণনগর এলাকায় তাঁদের বহনকারী ভটভটির সঙ্গে একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গরু ব্যবসায়ী গুরুতর আহত হন। এ ছাড়া ভটভটিতে থাকা আরও কয়েকজন হালকা আঘাত পান।
পরে আত্মীয়স্বজনের সহায়তায় আহতদের উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন।
দুর্ঘটনার পর আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে দুর্ঘটনার কারণ ও যানবাহন দুটির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।