নাটোরের সিংড়ায় জনপ্রিয় সংগীত শিল্পী সাদিয়া খানের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাউল গান ও কনসার্ট। গত বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বিনগ্রামে তাঁর নিজ বাড়ি এলাকায় এ আয়োজন করা হয়। জন্মদিনের অনুষ্ঠান ঘিরে এলাকায় বসে জমজমাট মেলা। এতে আশপাশের বিভিন্ন বাড়িতে আত্মীয়স্বজন ও অতিথিদের আগমন ঘটে। সব মিলিয়ে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দিনব্যাপী আয়োজনের পর রাতভর চলে বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় বাসিন্দা, অতিথি ও বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল খালেক দেওয়ান। সহ-সভাপতি ছিলেন আব্দুল মালেক দেওয়ান। প্রধান অতিথি ছিলেন শিল্পপতি মো. সাব্বির আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্য সুনামধন্য শিপ্লীরাও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিল্পী সাদিয়া খানের জন্মদিনকে ঘিরে এ আয়োজন করা হয়। গান, মেলা ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে এলাকাবাসীর মধ্যে আনন্দ-উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।