আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে আগাম নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাপ্পীর শুরু হয়েছে স্থানীয় পর্যায়ে উঠান বৈঠক ও মতবিনিময় সভা।
শনিবার রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের হলুদঘর গ্রামবাসীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাপ্পী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। একই সঙ্গে তিনি এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া ও সমর্থন কামনা করেন। রেজাউল করিম বাপ্পী আদমদীঘি উপজেলার তালশন গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুবদল নেতা বাবু, ছাত্রদল নেতা আকাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ হবে। তবে বগুড়ার আদমদীঘি উপজেলায় কোন ধাপে নির্বাচন হবে তা এখনো জানা যায়নি।