বাংলাদেশের মহান বিজয়ের ৫৫তম বার্ষিকী এবং বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনের লক্ষ্যে ঢাকাস্থ রাশিয়ান হাউস, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ‘দ্য মেলোডিয়া কালেক্টিভ’-এর যৌথ উদ্যোগে এক বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ই নভেম্বর বুধবার ‘ইকোস অব ফ্রিডম, বন্ডস অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক এই আয়োজন হয়।
অনুষ্ঠানে রাশিয়ার সমৃদ্ধ সংগীত ঐতিহ্যের এক মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপিত হয়, যেখানে ধ্রুপদী সংগীতের কালজয়ী সৃষ্টি এবং রাশিয়ার জনপ্রিয় লোকসংগীতের পরিচিত সুরের অপূর্ব সমন্বয় ঘটেছিল। সংগীতের বৈচিত্র্য, শৈল্পিক উৎকর্ষ এবং চিরন্তন আবেদন উপভোগের এক অনন্য সুযোগ পান উপস্থিত দর্শক-শ্রোতারা।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি দুটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে রাশিয়ার বিখ্যাত সুরকার সের্গেই রাখমানিনভের ‘ভোকালিজ’ এবং আলেকজান্ডার গ্লাজুনভের ‘শঁ দ্যু মেনেস্ত্রেল’ পরিবেশন করা হয়। ধ্রুপদি সংগীতের আবেগঘন সুর ও শৈল্পিক সৌন্দর্য শ্রোতাদের মুগ্ধ করে। দ্বিতীয় পর্বে উঠে আসে রাশিয়ার জনপ্রিয় লোকসংগীতের বৈচিত্র্য। এ পর্বে ‘ভো পোলিয়ে বেরিওজা স্তোইয়ালা’, ‘সভেতিৎ মেসিয়াতস’, মিখাইল গ্লিঙ্কার ‘কামারিনস্কায়া’, ‘ভালেনকি’, ইভান লারিওনভের ‘কালিঙ্কা’, আলেক্সেই কোজলভের ‘নস্টালজিয়া’ এবং নিকোলাই নেক্রাসভের গীতিকথা অবলম্বনে ‘করোবেইনিকি’ পরিবেশন করা হয়।
ধ্রুপদি সংগীতের মাধুর্য থেকে শুরু করে লোকসংগীতের প্রাণবন্ত ছন্দ-পুরো পরিবেশনায় রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক তুলে ধরে দ্য মেলোডিয়া কালেক্টিভ।
আয়োজকদের মতে, এ আয়োজন কেবল সংগীত পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং বাংলাদেশ ও রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব এবং সাংস্কৃতিক সম্পর্কের প্রতিও ছিল একটি বিশেষ শ্রদ্ধার্ঘ্য। সংগীতের সর্বজনীন ভাষার মধ্য দিয়ে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাসের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপটে এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও শিল্পকলার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। এছাড়াও বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সাংস্কৃতিক সহযোগিতা ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের গুরুত্বও এই আয়োজনের মাধ্যমে প্রতিফলিত হয়।