নভেম্বর ১৫, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ণ

সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সাথে মেশে না: রাশেদ খাঁন

সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সাথে মেশে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, সমাজে জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। তারা তাদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে। 

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফ্যায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ ওদের বিরুদ্ধে ভয়ে কথা বলে না। কিন্তু অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও আমার মতো হাতেগোনা কয়েকজন ওদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বের হওয়ার পর সচেতন মানুষের কাছে ওদের সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেছে যে, ওদের আমির থেকে কর্মী সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। ওরা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না। ওরা সম্মিলিত সাইবার অ্যাটাক করে কাউকে থামিয়ে দিতে চেষ্টা করে।

অভিযোগ করে তিনি বলেন, ঠিক আমি যখন একের পর এক ওদের মিথ্যা ন্যারেটিভ ভেঙে তছনছ করে দিয়েছি, তখন জামায়াত-শিবিরের একদম টপ টু বটম নেতাকর্মী আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। যেটা জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই বোঝা যায় যে, আমার দ্বারা ওদের মতো জান্নাতি দলের নির্মিত মিথ্যা ন্যারেটিভের কী পরিমাণ ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সাথে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য প্রমাণ তুলে ধরা এবং জামায়াত এমপি গাজী নজরুলের পর জামায়াতের আরেক এমপি আমির হামজার নারীঘটিত অনৈতিক কাণ্ড প্রকাশিত হওয়ায় জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে। যেকারণে ওরা এখন পাগলের মতো উন্মাদ হয়ে আমার বিরুদ্ধে নেমেছে।

বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, একটা সময় আসবে যখন মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print